মুন্সিগঞ্জে আলুখেতে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে আলুখেতে মড়ক দেখা দিয়েছে। মড়ক যাতে মহামারি আকারে ছড়াতে না পারে, সে জন্য গত সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কীটনাশক ব্যবহারের জন্য মাইকযোগে প্রচার চালানো হয়েছে।
আলুচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, মড়কে আক্রান্ত হওয়ার পর আলুগাছের পাতা কালো হয়ে শুকিয়ে পড়ে যায়। এরপর আস্তে আস্তে গাছটিও মরে যায়। যে স্থানে এই রোগটি দেখা দেয়, আস্তে আস্তে আশপাশের গাছেও তা ছড়িয়ে পড়ে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এটি ছত্রাকবাহিত রোগ। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৩৮ হাজার ৫৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলায় দুই হেক্টর আলুখেতে মড়ক দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মুন্সিগঞ্জের সদর, টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলায় ৮-১০ দিন আগে আলুখেতে মড়ক দেখা দেয়। এরপর টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল, কামারখাড়া, দিঘিরপাড় ইউনিয়নের চরাঞ্চল ও সদর উপজেলার পূর্ব রাখী এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া টঙ্গিবাড়ীর সোনারং, ধীপুর, যশলং, পাঁচগাঁও, মান্দ্রা, নয়নাসহ উপজেলার জমিগুলোর আলুগাছ এ রোগে আক্রান্ত হয়েছে। সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলুচাষি আ. কাদের মল্লিক বলেন, জমিতে আলু যেভাবে রোগাক্রান্ত হচ্ছে, এতে উৎপাদন ব্যাহত হয়ে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন ঘন ছত্রাকনাশক দেওয়ার পরও এটা দমন করা যাচ্ছে না।
সিরাজদিখান উপজেলার আলুচাষি কুসুমপুর গ্রামের জমির আলী ১৮ একর, শিয়ালদী গ্রামের ভবন দাস ১৪ একর, দক্ষিণ তাজপুর গ্রামের সমরেশ নাথ ১২ একর জমিতে আলু চাষ করেছেন। তাঁদের জমিতে মড়ক দেখা দিয়েছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালী ও মুন্সিরহাট এলাকার আলুখেতে মড়ক দেখা দিয়েছে। সদরের টরকী গ্রামের আলুচাষি আফজাল মাঝি বলেন, তাঁর জমিতে মড়ক দেখা দেওয়ায় জমির বিশাল অংশের গাছ মরে গেছে।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কৃষকদের সতর্ক করে দেওয়ার জন্য সিরাজদিখানে মাইকযোগে প্রচার চালানো হয়েছে। মাঠকর্মীরা কৃষকদের সহযোগিতায় কাজ করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুশমায়ূন কবির বলেন, ‘এটি ছত্রাকবাহিত রোগ। প্রতিকূল পরিবেশে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমানে আমাদের প্রচেষ্টায় রোগটির নিয়ন্ত্রণে অনেকটা অগ্রগতি হয়েছে। পরিবেশ অনুকূলে থাকলে এটা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে।’