মুন্সিগঞ্জে আলুর ফলন ও দাম ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই বছর লোকসানের পর এবার মুন্সিগঞ্জে আলুর ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকের সঙ্গে ব্যবসায়ী ও হিমাগারের মালিকেরাও খুশি। আলুচাষি আলাউদ্দিন মেম্বার বলেন, এ বছর গড় ফলন অতীতের রেকর্ড ভেঙেছে। প্রতি শতাংশে আলুর ফলন হয়েছে সাড়ে তিন মণ। ভালো ফলন ও দাম প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল। পোকার আক্রমণও ছিল না। তাই ফলন ভালো হয়েছে। গত বছরের আলু শেষ হয়ে যাওয়ায় এবং উত্তরাঞ্চলে আবাদ কম হওয়ায় এ বছর মুন্সিগঞ্জে আলুর দাম ভালো। সরেজমিনে গতকাল রোববার মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালী, চরকেওয়ার, মহাকালীসহ টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আলু তোলা প্রায় শেষ পর্যায়ে। আলু তুলে জমিতে স্তূপ করে রাখা হয়েছে। আবার সেই আলু বস্তাবন্দী করে হিমাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় কৃষকেরা জানান, এক সপ্তাহের মধ্যে জেলার সব জমি থেকে আলু তোলা হয়ে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও জানায়, জেলার আবাদ হওয়া জমির ৮০ ভাগ আলু কৃষকেরা উঠিয়ে ফেলেছেন। হিমাগারগুলোর সামনে আলুর বস্তা নিয়ে ভীড় করা হচ্ছে। আলুচাষিরা জানান, বর্তমানে প্রতি মণ আলু ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। এ বছর সার, বীজ, কীটনাশক ও জমির ভাড়া কম হওয়ায় উৎপাদন খরচ প্রতি শতাংশে এক হাজার টাকা পড়েছে। শতাংশপ্রতি সাড়ে তিন মণ আলু হলে বর্তমান দামে আলু বিক্রি করায় প্রতি শতাংশে ১৪০০ টাকা পাওয়া যাচ্ছে। এতে কৃষকের প্রতি শতাংশে ৪০০ টাকা লাভ হচ্ছে। এ বছর হিমাগার ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে কৃষকেরা অভিযোগ করেন। প্রতি বস্তা আলুর হিমাগার ভাড়া ৩০০ টাকা নিচ্ছেন হিমাগারের মালিকেরা। গত বছর হিমাগার ভাড়া ছিল ২৭০ টাকা।সদর উপজেলার কাটাখালী গ্রামের কহিনুর হিমাগারের ব্যবস্থাপক উত্তম কুমার বলেন, তাঁর হিমাগারের ধারণক্ষমতা কম, মাত্র ২০ হাজার মেট্রিক টন। ভাড়া নিচ্ছেন ৩০০ টাকা। সিরাজদিখান উপজেলায় ফাইভ স্টার হিমাগারের ব্যবস্থাপক অজয় কৃষ্ণ দে বলেন, শ্রমিক খরচ, ডিজেল ও বিদ্যুতের দাম বেশি হওয়ায় হিমাগার ভাড়া গতবারের চেয়ে বেশি। এবার তাঁরা ২৮০ থেকে ৩০০ টাকা নিচ্ছেন। ইতিমধ্যে তাঁর হিমাগারের ১ লাখ ২৫ হাজার বস্তা ধারণক্ষমতার সবটাই ভরে গেছে বলে তিনি জানান।জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, আবহাওয়া ভালো থাকায় জমিতে কোনো পোকামাকড়ের আক্রমণ ছিল না। কৃষক জমিতে প্রয়োজনমতো সার দিয়েছেন। তাই ফলন ভালো হয়েছে। দামও ভালো। দুই বছর আলুতে লোকসান দেওয়ায় এ বছর দাম না পেলে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতেন। তবে হিমাগার ভাড়া বেশি প্রসঙ্গে বলেন, এটার নিয়ন্ত্রণ জেলা প্রশাসন করে থাকে। জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, হিমাগার ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে, এটা তাঁর জানা নেই। তবে হিমাগার ভাড়া নির্ধারণ বা এর নিয়ন্ত্রণে তাঁর এখতিয়ার নেই। বাজার নিয়ন্ত্রণসহ এর দেখভালের দায়িত্ব তাহলে কার—এ প্রশ্নে জেলা প্রশাসক বলেন, হািমাগার বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এটা তাঁদের নিয়ন্ত্রণে। তা ছাড়া হিমাগার ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ তাঁর কাছে এখনো কেউ করেননি। তার পরও তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।