মুন্সিগঞ্জে আলুর ফলন কম হিমাগারের ভাড়াও বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে এবার আলুর চাষ গত বছরের চেয়ে বেশি হলেও ফলন হয়েছে কম। তার ওপর বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা বলে হিমাগারের ভাড়াও বাড়ানো হয়েছে।এ অবস্থায় চাষিরা বলছেন, হিমাগারে না রেখে বর্তমান বাজারদরে আলু বিক্রি করলে লাভবান হবেন তাঁরা। কিন্তু একসঙ্গে সব চাষি আলু বিক্রি করতে গেলে বাজারদর কমারও আশঙ্কা রয়েছে।একাধিক আলুচাষি বলেন, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আলুতে বাম্পার ফলন হলেও কৃষকদের ব্যাপক লোকসান হয়। এরপর গত বছর লাভের মুখ দেখেন কৃষকেরা। উৎসাহ পেয়ে এ বছর তাঁরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর চাষ করেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, চলতি বছর মুন্সিগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৯৪২ হেক্টর জমিতে। আবাদ হয় ৩৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে। গত বছর ৩৫ হাজার ৫৭৬ হেক্টর জমিতে ১১ লাখ ৭৮ হাজার আট মেট্রিক টন আলু উৎপাদিত হয়। কিন্তু এবার গড় ফলন গতবারের চেয়ে হেক্টরপ্রতি দুই হাজার মেট্রিক টন কম হয়েছে।এর কারণ সম্পর্কে কৃষি কর্মকর্তারা বলেন, অন্য বছর নভেম্বরের মাঝামাঝি সময় আলু লাগানো শুরু হয়। এ বছর জমি থেকে পানি নামতে দেরি করায় ডিসেম্বর মাসে লাগানো শুরু হয়। তবে এবারের আলুর মান ভালো।ব্যবসায়ী নওশাদউজ্জামান বলেন, বর্তমান বাজারে আলুর দাম তুলনামূলক কম। কিন্তু হিমাগারের ভাড়া অনেক বেশি। এ বছর বিপুল পরিমাণ আলু বিক্রি করতে কৃষককে চরম বেগ পেতে হবে।হিমাগারে না রাখলে লাভ: জেলায় ৬৭টি হিমাগার সচল রয়েছে। এগুলোর ধারণক্ষমতা পাঁচ লাখ সাত হাজার মেট্রিক টন। এ বছর ভাড়া নির্ধারণ করা হয়েছে বস্তাপ্রতি ৩৬০ টাকা। গত বছর এই ভাড়া ছিল বস্তাপ্রতি ৩০০ টাকা।চাষিরা বলেন, বর্তমান বাজারে প্রতি বস্তা (৮০ কেজি) আলুর পাইকারি দাম ৮০০ টাকা। প্রতি বস্তা আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ৭০০ টাকা। এতে হিমাগারে না রেখে বর্তমান বাজারদরে বিক্রি করে দিলে বস্তাপ্রতি ১০০ টাকা লাভ হতে পারে।ভাড়া বাড়ানো সম্পর্কে মুক্তারপুরে নিপ্পন হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বলেন, ‘সরকার যে হারে বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাতে বস্তাপ্রতি ৩৬০ টাকা ভাড়া নির্ধারণ করতে বাধ্য হয়েছি। তার ওপর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জেনারেটর চালু রাখতে হয়। এতে প্রচুর তেল খরচ হয়। জ্বালানি তেলের দামও সরকার বাড়িয়েছে। এ অবস্থায় ভাড়া বৃদ্ধি করা ছাড়া উপায় নেই।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, হিমাগারের ভাড়া বৃদ্ধি আলুচাষিদের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। মালিকেরা কারও কথা শুনছেন না। প্রতিবছর তাঁরা নিজেদের মতো করে ভাড়া বাড়াচ্ছেন। জেলা প্রশাসকের উচিত হিমাগারের মালিক, কৃষক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের লোকজন নিয়ে সভায় বসে ভাড়া নির্ধারণ করে দেওয়া।জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘ভাড়া নিয়ে শিগগিরই হিমাগারের মালিকদের সঙ্গে বসব।’