মুন্সিগঞ্জে আসামির ছুরিকাঘাতে তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকায় গতকাল বুধবার আসামির ছুরিকাঘাতে সদর থানার তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশ ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রবিনকে গ্রেপ্তার করলেও তার অপর এক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। ছুরিকাহত উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা ও বাম পেটে ছুরিকাঘাত করে গ্রেপ্তারকৃত আসামি রবিন। আহত সদর থানার এসআই ওবায়দুল হক, এসআই খন্দকার খালিদকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে শহরের নয়াগাঁও এলাকার সড়কে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ও যুবলীগের কর্মী হত্যার অন্যতম আসামি রবিনকে গ্রেপ্তারের উদ্দেশে পুলিশ অভিযান চালায়। এ সময় আসামি রবিনকে এসআই নিজাম উদ্দিন জাপটে ধরেন। একই সঙ্গে এসআই ওবায়দুল হকও জাপটে ধরেন রবিনের সঙ্গীকে। এতে সেখানে পুলিশ ও আসামিদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে রবিন প্যান্টের পকেট থেকে ধারালো ছোরা বের করে এসআই নিজাম উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ দৃশ্য দেখে অপর এসআই ওবায়দুল হক আসামি রবিনের ওপর জাপটে পড়েন। এতে তিনিও আহত হন। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, রবিনের বিরুদ্ধে ডাকাতি ছাড়াও সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় আরও দুটি মামলা রয়েছে।