মুন্সিগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ চারজন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সামনে রেখে কয়েকটি স্থানে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মোল্লাকান্দির আশুরানচর, রাজারচর এবং বিকেলে আমঘাটা গ্রামে প্রতিদ্বন্দ্বী দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুই চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম ও রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণ ও অন্তত ১৫টি গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ মামুন, কালাচান, ফাইজুদ্দিন ও মালেককে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে মতি বেপারি, মিল্লাত বেপারি, রাকিব সৈয়াল, মিলন ও রিপনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রহিমা বেগম, মালা বেগম, কলি আক্তারসহ আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম বলেন, তাঁর শতাধিক সমর্থক এলাকায় প্রবেশের সময় রিপন পাটোয়ারীর লোকজন হামলা চালায়। এর আগে তাদের এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল।অপর চেয়ারম্যান পদপ্রার্থী রিপন পাটোয়ারী পাল্টা অভিযোগ করে বলেন, শাহ আলমের লোকজন তাঁর লোকজনের ওপর হামলা করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এখন পরিস্থিতি শান্ত। আগামী ২১ জুন মোল্লাকান্দি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।