মুন্সিগঞ্জে ইভ টিজিং করায় তিন বখাটে যুবকের কারাদণ্ড
মুন্সিগঞ্জ শহরের রনছ-রুহিতপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী এবং তার বান্ধবীদের ইভ টিজিংয়ের দায়ে তিন বখাটে যুবককে গতকাল বুধবার তিন মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন পৌরসভার দক্ষিণ কোর্টগাঁওয়ের মো. ফয়সাল (২০), মো. মিলন (১৯) ও মাহবুব মাসুম (২০)। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা ইয়াসমিন এ রায় দেন। ইভ টিজিংয়ের শিকার ওই ছাত্রীর মা জানান, বখাটেদের উৎপাতের কারণে তাঁর মেয়ের লেখাপড়া এক বছর বন্ধ রাখতে হয়েছিল। গত মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর ছবি তুলতে গেলে বাধা দেওয়ায় গলায় চাকু ঠেকিয়ে বখাটে অন্তর ও দণ্ডপ্রাপ্তরা হুমকি দেন। গতকাল সকালে দণ্ডপ্রাপ্তরা মোটরসাইকেলে চড়ে স্কুলের কাছে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করলে স্থানীয় কমিশনার আরমান গাজী বাধা দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে কমিশনারকে হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন ওই তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে।ইউএনও শাহানারা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।