মুন্সিগঞ্জে ইলিশ ধরার অপরাধে ২৫ জেলের জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জেলেকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুল ইসলাম। এ সময় ১৫০০ কেজি মা ইলিশ ও এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১১ মুন্সিগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের অন্যতম মূল্যবান মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষার্থে জেলার লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ মাছ শিকারের অপরাধে ২৫ জেলেকে আটক করা হয়। পরে মৎস্য আইনে ২২ জন জেলেকে ৩ হাজার টাকা করে এবং তিন জেলেকে এক হাজার টাকা করে সর্বমোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন প্রজনন ক্ষেত্রের ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।