মুন্সিগঞ্জে ইয়াবাসহ কনস্টেবল ও সার্ভেয়ার আটক, পরে মুক্ত
মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে গত বুধবার রাতে ইয়াবা বড়িসহ এক পুলিশ কনস্টেবল ও পৌরসভার এক সার্ভেয়ারকে আটক করে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হলেও পাশের কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার বড়ি উদ্ধার হয়েছে বলে জানানো হয়। পরে তাঁদের দুজনকে ছেড়ে দেয় পুলিশ।র্যাব সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার তৃতীয় তলায় সার্ভেয়ারের ৩১২ নম্বর কক্ষ থেকে র্যাব সদস্যরা গজারিয়া থানার কনস্টেবল সেলিম মিয়া (নম্বর ৩৭৯) ও সার্ভেয়ার ফরিদ হোসেনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫১টি ইয়াবা বড়ি পাওয়া যায়। র্যাব তাঁদের দুজনকে সঙ্গে নিয়ে যায়।স্থানীয় একাধিক সূত্র জানায়, কনস্টেবল সেলিম ও সার্ভেয়ার ফরিদকে মাদকসহ আটকের বিষয়টি ধামাচাপা দিতে সারা দিন নানা প্রচেষ্টা চালায় র্যাব ও পুলিশ। বিষয়টি পরে জানাজানি হলে আটকের বিষয়টি স্বীকার করে র্যাব। এ ব্যাপারে র্যাবের উপপরিদর্শক জহির আহমেদ দুজনকে থানায় হস্তান্তরকালে একটি লিখিত প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, ৫১টি ইয়াবা বড়ি সার্ভেয়ারের পাশের একটি কক্ষে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। এরপরও তাঁদের কোনো সংশ্লিষ্টতা থাকলে বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়। যোগাযোগ করলে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মো. ইরাদম মানু গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পৌরসভার কার্যালয় থেকে ইয়াবা উদ্ধারের বিষয়টি তিনি এখনো জানেন না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘র্যাবের প্রতিবেদন পাওয়ার পর কনস্টেবল ও সার্ভেয়ারকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁরা এত রাতে পৌরসভা কার্যালয়ে কী করছিলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।’দায়িত্বে ফাঁকি: গজারিয়া থানা সূত্র জানায়, বুধবার রাত আটটা থেকে গজারিয়া থানার এসআই মকবুল হোসেনের সঙ্গে বাউশিয়া এলাকায় কনস্টেবল সেলিমের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু তিনি ওই সময় দায়িত্ব পালন না করায় রাতেই গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। তবে একই রাতে ইয়াবাসহ মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে আটকের বিষয়টি তিনি এড়িয়ে যান।