মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে আহত, সাংবাদিকের ওপর হামলা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামে আজ মঙ্গলবার সকালে আজিজুল হক নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে।
আজিজুলের ভাই স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান ফরাজীর দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে আজিজুল হক বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। ইসমানিরচর সেতুর কাছে কয়েকজন তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আজিজুল হককে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে। আজিজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করেন।
আজিজুল হকের বাবা নুরুল ইসলামের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছেন। আজিজুলের ভাই বিএনপির নেতা নুরুজ্জামান ফরাজী বলেন, মোস্তফা ডাক্তারের ছেলে নজরুল ইসলামের নেতৃত্বে বাবু, আতাউরসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা-কর্মী তাঁর ওপর হামলা চালান।
এ ব্যাপারে হোসেনজী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বলেন, হামলার ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে আতাউর আওয়ামী লীগের কর্মী বলে তিনি জানান। বাবু ও নজরুল দলের কর্মী না হলেও সমর্থক বলে জানান তিনি। তবে হোসেনজী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি আবদুল মতিন বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন-উর রশিদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ইসমানিরচর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধি আহত
বেলা সাড়ে ১১টার দিকে এ বিষয়ে খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ একদল লোককে ঘটনাস্থলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখেন। মহড়ার ছবি তুলতে গেলে স্থানীয় বাসিন্দা আবুল কাশেমের নেতৃত্বে ওই দলটি তাঁর ওপর হামলা চালায়। তারা মুঠোফোন সেট কেড়ে নিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। মুঠোফোন কেড়ে নেওয়ার আনুমানিক তিন ঘণ্টা পর গজারিয়া থানার পুলিশ মুঠোফোনটি উদ্ধার করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মুঠোফোনে থাকা মেমোরি কার্ড উদ্ধার করতে পারেনি। ওই মেমোরি কার্ডে মহড়ার ছবি রয়েছে। বিষয়টি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারকে জানানো হয়েছে। মহিউদ্দিন আহমেদ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।