মুন্সিগঞ্জে একই স্থানে দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল সোমবার একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও উপজেলা ছাত্রলীগ প্রীতি ফুটবল খেলা আয়োজনের ঘোষণা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর আগের দিন প্রশাসন ১৪৪ ধারা জারি করায় টঙ্গিবাড়ী উপজেলায় একই সময় একই এলাকায় যুবদলের ঈদ পুনর্মিলনী ও যুবলীগ ত্রিবার্ষিক সম্মেলন হয়।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটায় লৌহজং উপজেলার বেজগাঁও সন্ধিসার মাঠে উপজেলা বিএনপি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। একই সময়ে একই মাঠে উপজেলা ছাত্রলীগ ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল খেলার প্রস্তুতি নেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ওই মাঠ ও আশপাশের এলাকায় গতকাল বেলা দুইটা থেকে রাত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। ইউএনও প্রথম আলোকে জানান, বিএনপি ও ছাত্রলীগের পক্ষে এই কর্মসূচির জন্য প্রশাসনের কাছে সকালে অনুমতি চেয়ে আবেদন করা হয়। তাদের পৃথক স্থানে কর্মসূচি দেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তারা তাদের অবস্থানে অনড় থাকে। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।সন্ধিসার মাঠ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলা বিএনপির সভাপতি মো. শাজাহান খানের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়।প্রায় দেড় কিলোমিটার দূরে বেজগাঁও ঈদগা কমপ্লেক্স মাঠে আয়োজন করা ছাত্রলীগের প্রীতি ফুটবল খেলা।এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ পরস্পরকে দোষারোপ করেছে।গত রোববার সকাল ১০টায় টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল সানরাইজ কিন্ডারগার্টেন মাঠে হাসাইল-বানারী ইউনিয়ন যুবদল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি নেয়। একই সময়ে ওই স্থানের প্রায় ১০০ গজের মধ্যে বানারী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ ত্রিবার্ষিক সমেঞ্চলনের প্রস্তুতি নেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইউএনও নাদিরা হায়দার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ও আশপাশের ২০০ গজ এলাকায় রোববার সকাল আটটা থেকে রাত রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। গতকাল বেলা পৌনে ১২টায় কামারখারা স্বর্ণগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে যুবদল প্রতিবাদ সভা করে। সভায় উপজেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবদুল হাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক প্রমুখ। ইউএনও নাদিরা হায়দার জানান, দুই পক্ষের কেউই কর্মসূচির জন্য প্রশাসনের কাছ থেকে পূর্ব অনুমতি নেয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় সংগঠনের নেতাদের কর্মসূচি পরিবর্তনের অনুরোধ জানানো হয়। কিন্তু তাঁরা তা না করায় প্রশাসন বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করে।