মুন্সিগঞ্জে এভিজেএম বিদ্যালয় ভবন ও ডাকবাংলো সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ হওয়ায় মুন্সিগঞ্জ শহরের একমাত্র ডাকবাংলো ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবন দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান উপস্থিত থেকে এই ভবন দুটি সিলগালা করে দেন। সাইফুল হাসান জানান, এ বিষয়ে স্থাপনা পরিত্যক্তকরণ-সংশ্লিষ্ট কমিটি সর্বসম্মতভাবে একমত হওয়ার পর এই ভবন দুটি সিলগালা করার সিদ্ধান্ত দেয়। সে মোতাবেক এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তরাংশের ভবন ও ডাকবাংলোটি পরিত্যক্ত ঘোষণা ও সিলগালা করে দেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১২০ বছরের প্রাচীন এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ভবন সিলগালা করা হলেও অন্যান্য ভবনে যথারীতি বিদ্যালয়ের কার্যক্রম চলছে। বিদ্যালয়টিতে ঝুঁকিহীন প্রবেশের জন্য বিকল্প সড়ক করা হয়েছে। ১৮৯২ সালে মুন্সিগঞ্জ শহরের ইদ্রকপুর কেল্লা ঘেঁষে স্থাপিত এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংকট নিরসনেও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে। তাই পরিত্যক্ত ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের দাবি করে শিক্ষার্থীরা। বিদ্যালয়টি থেকে কয়েক শ গজ দূরে প্রধান সড়কের পাশে জেলা পরিষদের নির্মিত দ্বিতল ডাকবাংলো নির্মাণ করা হয়। কিন্তু দ্বিতল ফাউন্ডেশনের এই ভবনে নিয়ম লঙ্ঘন করে ১৯৮৯ সালে তৃতীয় তলা করা হয়। এতে হঠাৎ ভবনটির কলাম ও বিম ফেটে রড বের হয়ে আসে। এতে লোকজন আতঙ্কিত হয়ে গত সোমবার ভবন থেকে বেরিয়ে যায়। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কমিটি গত মঙ্গলবার এটি পরিত্যক্ত ঘোষণা করেছে। গতকাল জেলা প্রশাসকের উপস্থিতিতে ভবনটি সিলগালা করে দেওয়া হয়। অপরিকল্পিতভাবে সরকারি এই ডাকবাংলো ভবন বর্ধিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক সাইফুল হাসান জানান।