মুন্সিগঞ্জে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি প্রথম বর্ষের (সম্মান) ছাত্র আল আমিনের (২২) গলায় ফাঁস দেওয়া লাশ পুলিশ গতকাল মঙ্গলবার রাতে উদ্ধার করেছে। শহরের মাঠপাড়া এলাকার একটি মেস থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে, বিষয়টি পুলিশ নিশ্চিত হতে পারেনি। ফলে বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। শহরের মাঠপাড়া এলাকায় একটি ভাড়াবাড়ির মেসে আল আমিনসহ ছয় ছাত্র বাস করতেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেসের চার ছাত্রকে আটক করেছে। পুলিশ জানায়, আল আমিনের বাবার নাম মোসলেম দেওয়ান। বাড়ি লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বাসিরা গ্রামে। পুলিশ জানায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার মাঠপাড়া এলাকায় নূর মোহাম্মদের মেসবাড়িতে আল আমিনসহ কলেজের আরও ছয়জন বসবাস করেন। এদের মধ্যে একজন গ্রামের বাড়িতে বেড়াতে যান। গতকাল মঙ্গলবার বিকেলে আল আমিন ছাড়া অন্য চারজন মো. হিরু, নূর মোহাম্মদ নিলয়, আল মামুন ও আলমগীর বাইরে যান। এর মধ্যে হিরু বাজারে যান। হিরু বাজার করে সন্ধ্যার দিকে ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে আটকানো। তিনি বাড়িওয়ালার কাছ থেকে চাবি এনে দরজা খুলে দেখেন ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়া আল আমিনের লাশ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।আটক হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। একজনের বাড়ি গজারিয়া উপজেলায়। আল আমিনের ভগ্নিপতি মো. রাসেল জানান, ‘আল আমিন আত্মহত্যা করতে পারেন, এমন কোনো ঘটনা ঘটেনি। তাই আমরা তাঁর লাশ ময়নাতদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছি যে আসলে তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে।’ এ প্রসঙ্গে সদর থানার ওসি (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, লাশের প্রাথমিক অবস্থান দেখে মনে হচ্ছে আত্মহত্যা করতে পারেন। কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না আত্মহত্যা করেছেন কি না। এই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মেসের চারজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করার জন্য পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।