মুন্সিগঞ্জে কাঁঠাল খেয়ে ৪০ জন হাসপাতালে
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ ব্যক্তিরা টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার মহাখালী কলেরা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন পাঁচগাঁও উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ছিল। ওই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই সেদিন বেলা ১১টার দিকে পল্লি চিকিৎসক নাজিম উদ্দিনের (৫০) গাছের কাঁঠাল খেতে যায়। বিশাল একটি কাঁঠাল অর্ধশত লোক মিলে খায়। খাওয়ার পর থেকে প্রথমে পেটব্যথা, তারপর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এভাবে গতকাল সোমবার পর্যন্ত নাজিম উদ্দিনসহ মোট ৪০ জন অসুস্থ হয়ে পড়ে। পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামপ্রধান মিত্র বলেন, নিজেদের গাছের কাঁঠাল বলে শখ করে সবাই বিশাল এই কাঁঠালটি খায়। গতকাল পর্যন্ত মোট ৪০ জন অসুস্থ হয়। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।