মুন্সিগঞ্জে কাগজের কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরে গতকাল শুক্রবার সকালে ঝড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে একটি কাগজের কারখানার গুদামের ওপর পড়ে। এতে কারখানাটিতে আগুন লেগে যায়। কর্তৃপক্ষ দাবি করেছে, অগ্নিকাণ্ডে তাদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে চরমুক্তারপুরে ৩৩ কেভির সঞ্চালন লাইনের তার ছিঁড়ে এশিয়া পেপার মিলের গুদামের ওপর পড়ে। ওই গুদামে কার্টন তৈরির কাঁচামাল ড্রাই পেপার ছিল। বিদ্যুতের তার থেকে আগুন লেগে যায় সেখানে। পাঁচ ঘণ্টার অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা ড্রাই পেপার পুড়ে ছাই হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।কারখানার কর্তৃপক্ষ জানায়, গোডাউনে তাদের প্রায় দেড় হাজার মেট্রিক টন ড্রাই পেপার ছিল। এর দাম হবে প্রায় আড়াই কোটি টাকা। এর সবটাই পুড়ে গেছে। এদিকে এশিয়া পেপার মিলের কনসালট্যান্ট করপোরেট অ্যাফেয়ার মঞ্জুরুল ইসলাম জানান, দমকল বাহিনীর অবহেলার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগে। পল্লী বিদ্যুতের মুন্সিগঞ্জ সদর উপজেলার উপমহাব্যবস্থাপক মো. ইমদাদুল ইসলাম জানান, ঝড়ের কারণে ৩৩ কেভির লাইনের তার ছিঁড়ে পড়ায় এই সমস্যা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই বিদ্যুৎসংযোগ ঠিক করার জন্য কাজ শুরু হয়েছে। এশিয়া পেপার অ্যান্ড বোর্ড মিলস কারখানা নারায়ণগঞ্জের রপ্তানিকারী ফকির গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনের পাশে ছিল কারখানার বয়লার। আগুন যদি সেই বয়লারে লেগে যেত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। সেই থেকে রক্ষা পাওয়া গেছে।