মুন্সিগঞ্জে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় মামলা
মুন্সিগঞ্জে আইডিয়াল টেক্সটাইল মিলসে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকসহ ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। আসামিদের মধ্যে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকসহ পাঁচজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন।
গত বুধবার পঞ্চসার ইউনিয়নের চরমুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে পাঁচ পোশাককর্মী ও একজন রান্নার লোক নিহত হন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন যে পাঁচজনকে আটক করা হয়েছিল, তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান।
বিকেল সাড়ে পাঁচটার দিকে জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে নিহত ব্যক্তিদের স্মরণে এক শোক ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, বৃহস্পতিবার লাশ বুঝিয়ে দেওয়ার সময় তাঁদের সামান্য কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। একজন প্রশ্ন রাখেন, ‘একটি জীবনের দাম কি এই কয়টা টাকা? যদি টাকা দিয়ে জীবন কেনা যায়, তাহলে তারা যা দিয়েছেন, আমরা তার চেয়ে বেশি দেব। আমাদের স্বজনদের ফিরিয়ে দেওয়া হোক।’
এ সময় অন্য কয়েকজন স্বজন বলেন, যদি প্রতিষ্ঠানটি সব ধরনের নিয়মকানুন মেনে তৈরি করা হতো, সঠিক অগ্নিনির্বাপণ–ব্যবস্থা থাকত, ভবনে ওঠা–নামার জন্য বিকল্প সিঁড়ির ব্যবস্থা থাকত, হয়তো আজকে আমাদের আপনজনেরা আমাদের সঙ্গেই থাকত। কাউকে লাশ হতে হতো না।
এ সময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার এবং নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। একই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য বিমাসহ প্রভিডেন্ট ফান্ড, অগ্নিনির্বাপণ–ব্যবস্থা, একাধিক সিঁড়ি রাখা ও আগুন লাগলে কী করতে হবে—এ ব্যাপারে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করেন।