মুন্সিগঞ্জে কারেন্ট জাল তৈরির ছয়টি কারখানা সিলগালা
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে কারেন্ট জাল তৈরির ছয়টি কারখানা গতকাল সোমবার সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় দুটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব কারখানা থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।
সিলগালা করা কারখানাগুলো হচ্ছে: আকবর ফিশিং নেট, জুয়েল এন্টারপ্রাইজ, মুক্তা ফিলামেন্ট, সার্চিনা ফিলামেন্ট, আবদুল আহাদ ফিশিং নেট ও খোরশেদ আলম ফিশিং নেট। এ ছাড়া খোরশেদ আলম ফিশিং নেট ও মামুন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গতকাল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বিজন কুমার সিংহ ওই সব অবৈধ কারখানা সিলগালা ও জরিমানার আদেশ দেন। সেখানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু ও র্যাব-১১-এর সদস্যরা। জব্দ করা জাল পরে ধলেশ্বরীর তীরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ও রামপাল ইউনিয়নে জাল তৈরির ছোট-বড় কমপক্ষে ৭০০ কারখানা আছে। এসব কারখানার অধিকাংশের কোনো লাইসেন্স নেই। একটিরও নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। রাত-দিন এসব জায়গায় কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের জাল তৈরি করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার জানান, আরও অবৈধ কারেন্ট জালের কারখানা শনাক্ত করা হয়েছে। এসব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।