মুন্সিগঞ্জে খাল ভরাটকারীকে জরিমানা
মুন্সিগঞ্জ পৌরসভার কোটগাঁও-গণকপাড়া-দেওভোগ খাল ও কালভার্টের মুখ ভরাটকারীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভরাট করা খাল থেকে বালু সরিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল বৃহস্পতিবার শুনানি গ্রহণ শেষে এ নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুনানির সময় খাল ভরাটকারী হিসেবে অভিযোগ ওঠা মুন্সিগঞ্জ শহর বণিক সমিতির সভাপতি আরিফুর রহমান উপস্থিত ছিলেন। শুনানিকালে আরিফুর রহমান খাল ভরাটের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি কেবল বালু বিক্রেতা। এই বালু আমির হোসেন মুন্সির (কোটগাঁও গ্রামের বাসিন্দা) নির্দেশে খাল ভরাটকাজে সরবরাহ করেছি।’বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিচালক আলমগীর তাঁর আদেশে জানান, জরিমানার টাকা আরিফুর রহমানকে তাঁর হুকুমদাতা আমির হোসেন মুন্সির কাছ থেকে সংগ্রহ করে ৩০ জুনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর ব্যাংক ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে।একই সঙ্গে খালকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরেজমিনে মাপজোখ করে খালের অন্যান্য জমি উদ্ধার করে সরকারের দখলে আনা এবং একটি বাস্তবায়ন প্রতিবেদন আগামী এক মাসের মধ্যে দেওয়ার জন্য মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।১১ জুন প্রথম আলোর ৪-এর পাতায় ‘খাল ও কালভার্টের মুখ ভরাট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।