মুন্সিগঞ্জে খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার কোটগাঁও-গণকপাড়া-দেওভোগ খাল অবৈধভাবে ভরাটের প্রতিবাদে ও খালটি পুনরুদ্ধারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে খালটি পুনরুদ্ধারের দাবি জানান। এদিকে খাল ও কালভার্টের মুখ ভরাটকারীদের ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে আজ বৃহস্পতিবার তলব করা হয়েছে। এর আগে ১১ জুন প্রথম আলোর ৪-এর পাতায় ‘খাল ও কালভার্টের মুখ ভরাট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কোটগাঁও, গণকপাড়া ও দেওভোগ এলাকাবাসীর ব্যানারে নারী-পুরুষেরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জেলা শিল্পকলা একাডেমীসংলগ্ন সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনকালে গ্রামবাসী অভিযোগ করেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা খাল ভরাটকারীদের মধ্যে একজনের ঘনিষ্ঠ আত্মীয়। এ কারণে ওই কর্মকর্তা খাল ভরাটকারীদের পক্ষে এনফোর্সমেন্ট শাখায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন। মানববন্ধন শেষে তিন গ্রামের লোকজন মিছিল নিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক গ্রামবাসীকে বলেন, ‘খাল ভরাটের বিষয়ে তদন্ত প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। খাল ও কালভার্ট ভরাটকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’