মুন্সিগঞ্জে গণপিটুনিতে আহত একজনের মৃত্যু দুজন কারাগারে
মুন্সিগঞ্জ শহরতলির রতনপুরে গত মঙ্গলবার রাতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার চার ব্যক্তির মধ্যে একজন মারা গেছেন। গতকাল বুধবার ভোরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে।মুন্সিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নিহত জাকিরের বাড়ি সদর উপজেলার চৌগারারপার গ্রামে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক রমজান হাসপাতালে চিকিৎসাধীন। আর মো. আল আমিন ও মো. সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে গতকাল ভোরে রতনপুরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার বা ওই দলের পালিয়ে যাওয়া অপরজনকে পুলিশ আটক করতে পারেনি।মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ছিনতাই, অস্ত্র উদ্ধার ও গণপিটুনিতে হতাহতের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।টঙ্গিবাড়িতেও গণপিটুনি: জেলার টঙ্গিবাড়ি উপজেলায় গত মঙ্গলবার রাতে ছিনতাইয়ের অভিযোগে হাবিবুর রহমান, শ্যামল মোল্লা ও সেলিম মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। টঙ্গিবাড়ি থানার ওসি মো. আবদুল্লাহ জানান, উপজেলার রাউতভোগ এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।