মুন্সিগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার কালিন্দিপাড়া এলাকায় মারুফা বিনতে তুলি (১৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।মারুফার পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন নির্যাতনে হত্যার পর মারুফার লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখে।পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, তিন মাস আগে উপজেলার মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার আল আমিনের সঙ্গে পার্শ্ববর্তী পূর্বপাড়া এলাকার মারুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে ১০ ভরি স্বর্ণের জন্য মারুফার ওপর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন শুরু করে। গত শনিবার দুপুরে শাশুড়ি সুরাইয়া আক্তার মারুফার মাকে মুঠোফোনে জানান, মারুফা আত্মহত্যা করেছে। ওই দিন রাত আটটার দিকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারুফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মারুফার বাবা মিজানুর রহমান মারুফার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবরসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে মারুফার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।