মুন্সিগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ বিক্ষোভ, অবরোধ
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মিরাপাড়ার রামনগরে স্বামীর বিরুদ্ধে রাশিদা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে গতকাল রোববার সিপাহীপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী।
গত শনিবার বেলা দুইটার দিকে স্বামীর বাড়ির লোকজন রাশিদাকে শহরের আমেনা মোল্লা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দরজা ভেঙে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে স্বামীর বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রাশিদা পাশের গ্রামের সিপাহীপাড়ার মৃত আবুল কাশেমের মেয়ে। ১৩ বছর আগে মিরাপাড়ার বাক্প্রতিবন্ধী শহীদ ব্যাপারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ জানায়, শহীদ বেকার ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। এ কারণেই রাশিদা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে। গতকাল সকাল নয়টায় রাশিদার গ্রামের বাড়ি সিপাহীপাড়ার কয়েক শ লোক রাশিদাকে হত্যার অভিযোগ তুলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিপাহীপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেন। তাঁরা এ সময় চৌরাস্তায় অবস্থান নিয়ে ঢাকা-সিপাহীপাড়া-টঙ্গীবাড়ি সড়ক বন্ধ করে দেন। সকাল ১০টায় পুলিশ এসে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
রাশিদার ভাই নাদিম হোসেন অভিযোগ করেন, নির্যাতনের কারণে এর আগে তাঁর বোনকে কয়েকবার শ্বশুরবাড়ি থেকে তাঁদের বাড়িতে নিয়ে আসা হয়। শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে রাশিদাকে হত্যা করে এখন আত্মহত্যা বলে প্রচার করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।