মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পথচারী নিহত
মুন্সিগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে রমিজ শেখ (৫৫) নামের একজন পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সিপাহিপাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিপাহিপাড়ার ডিটিএল বাস কোম্পানির নিজস্ব পার্কিং স্ট্যান্ডের পাশে গ্যাস বেলুনের সিলিন্ডারসহ একটি ভ্যানগাড়ি রাখা ছিল। নিজ বাড়িতে যাওয়ার সময় রমিজউদ্দিন সেখানে পৌঁছালে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই রমিজ মারা যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বিস্ফোরিত সিলিন্ডারের একটি টুকরো প্রায় ১৫০ গজ দূরের একটি ঘরের টিন ভেদ করে ভেতরে ঢুকলেও ভাগ্যক্রমে বেঁচে যায় ঘরে থাকা একটি শিশু। রমিজ উপজেলার মালিগাঁও গ্রামের মৃত কুদ্দুস শেখের ছেলে। তিনি একই উপজেলার হাতিমারা গ্রামের মেয়ের বাড়ি থেকে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একজন ফেরিওয়ালা সিলিন্ডারটিসহ ভ্যানগাড়িটি ওই স্থানে রেখে কোথাও খাওয়ার জন্য যান। এর কিছুক্ষণ পরই এ বিস্ফোরণ ঘটে।