মুন্সিগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সোমবার মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।মুন্সিগঞ্জ আবাসিক গ্যাস সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। শহরের পুরাতন কাচারী থেকে সুপার মার্কেট পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে মানববন্ধন করা হয়।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জে রান্নার গ্যাসের সংকট বিরাজ করছে। এ অবস্থায় আবাসিক গ্যাস সংগ্রাম কমিটি গঠন করা হয়। এই কমিটি গ্যাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি আহ্বান করে। গতকাল সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন চলে। এরপর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন আবাসিক গ্যাস সংগ্রাম কমিটির আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। সংগ্রাম কমিটির অভিযোগ, মুন্সিগঞ্জে চাহিদার তুলনায় অনেক কম গ্যাস সরবরাহ করা হয়। কমিটির নেতারা বলেন, গ্যাস সরবরাহ বৃদ্ধি করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।তিতাস গ্যাসের মুন্সিগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মাধব চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরাই তো গ্যাস পাচ্ছি অনেক কম। আমরা গ্যাস দেব কী করে।’