মুন্সিগঞ্জে চার খাল উদ্ধার অভিযান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মির-কাদিম পৌরসভায় খাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার নয়নের খাল, গোপপাড়া, রিকাবীবাজার ও ফেচন্নীর খালের ৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ নিয়ে গত দুই দিনে মোট ৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। এদিকে এলাকাবাসী অভিযোগ তুলেছে, অবৈধ স্থাপনা হিসেবে যেগুলো চিহ্নিত করা হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসন সূত্র জানায়, মুন্সিগঞ্জের নির্বাহী হাকিম খালিদ মেহেদী হাসানের উপস্থিতিতে গতকাল মিরকাদিম পৌরসভার ওই চার খালে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে অর্ধশতাধিক কর্মী উচ্ছেদ অভিযান চালিয়ে গতকাল মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন দেওয়ানের গোয়ালঘর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল উদ্দিন আহমেদের টিনশেডের মার্কেট, মিরকাদিম পৌর আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক হাজি মো. আ. সালামের শৌচাগার, নূরপুর বণিক সমিতির সভাপতি মো. আমানউল্লাহর চারতলাবিশিষ্ট পাকা ভবন, পূর্বপাড়া পঞ্চায়েত কমিটি মার্কেট ও নূরপুর পঞ্চায়েত কমিটি মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এর আগে গত মঙ্গলবার ৪৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে স্থানীয় ভূমি কার্যালয়ের জরিপ সঠিক হয়নি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, এই চারটি খাল অনেক প্রশস্ত ছিল। রহস্যজনকভাবে অনেক অবৈধ স্থাপনা লাল নিশান দিয়ে চিহ্নিত করা হয়নি।বিনোদপুর এলাকার ইকবাল হোসেন বলেন, এই খাল দিয়ে একসময় একসঙ্গে তিন-চারটি নৌকা চলাচল করতে পারত। লাল নিশান দেওয়া স্থাপনাগুলো উচ্ছেদ করা হলেও খাল আগের সেই প্রশস্ততা ফিরে পাবে না। তবে সদর থানা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার বলেন, ‘আমরা ম্যাপ (মানচিত্র) দেখে খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্ণয় করেছি। ম্যাপের বাইরে আমাদের কাজ করার কোনো সুযোগ নেই। সঠিক পরিমাপ হয়নি বলে যারা অভিযোগ করছে, তারা ঠিক বলেনি।’উচ্ছেদ অভিযান সম্পর্কে মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম শেষ হয়নি। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ার পর পৌরসভা থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার ঘোষণা দেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে পুনরায় পরিমাপের বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে।