মুন্সিগঞ্জে চার খালের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার নয়নের খাল, রিকাবীবাজার খাল, ফেচন্নীর খাল ও গোপপাড়া খাল থেকে অবশিষ্ট অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে দখলদারেরা অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরসহ ক্ষতিপূরণ আদায় করা হবে। এ ব্যাপারে গতকাল শনিবার জেলা প্রশাসকের আদেশ-সংবলিত একটি প্রচারপত্র বিতরণ ও মাইকিং করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল থেকে খালগুলোর অবশিষ্ট স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। এ সময় ভূমি অফিসের জরিপকারীরা প্রচারপত্র বিতরণ করেন এবং অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নিতে দখলদারদের সতর্ক করে দেন। এ ছাড়া তাঁরা বলেন, স্থাপনা সরিয়ে না নিলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে মামলা করা হবে।সদর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, খালগুলো আবারও পরিমাপ করে আজ রোববার লাল নিশানার খুঁটি পুঁতে দেওয়া হবে। এর মধ্যে যাঁদের স্থাপনা রয়েছে, তা ওই সময়ের মধ্যে সরিয়ে নিতে হবে। এলাকাবাসী জানায়, জেলা প্রশাসনের গত কয়েক দিনে উচ্ছেদ কার্যক্রমের পরও চারটি খালে এখনো অনেক অবৈধ স্থাপনা রয়েছে। রিকাবীবাজার খালের নূরপুর এলাকায় আমানউল্লাহর চার তলা ভবনের সামান্য অংশ উচ্ছেদ করা হয়েছে। আমানউল্লাহর ভবনের পাশে কয়েকটি পাকা স্থাপনা, রিকাবীবাজার পূর্বপাড়া মার্কেটের শৌচারগারসহ কয়েকটি স্থাপনা এবং পশ্চিমপাড়া এলাকায় রুহুল আমিনের দ্বিতল বাড়িসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা এখনো উচ্ছেদ করা হয়নি। এলাকাবাসী আরও জানায়, গোপপাড়া খাল ও নয়নের খাল আরও প্রশস্ত ছিল। এই দুটি খাল থেকে যে পরিমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, সঠিকভাবে পরিমাণ করে উচ্ছেদ করা হলে খাল দুটি আরও প্রশস্ত হবে।মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। এর পরও কেউ স্থাপনা সরিয়ে না নিলে তাঁদের বিরুদ্ধে মামলা হবে।জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, যাঁরা অবৈধ স্থাপনা সরিয়ে নেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, খালগুলো খননের উদ্যোগ নেওয়া হচ্ছে।