মুন্সিগঞ্জে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন বনমন্ত্রীর

‘নতুন প্রজন্মের হাতে আগামী বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে মুন্সিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গতকাল বৃহস্পতিবার তিন লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। বেলা দেড়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৪ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বেলা দেড়টার পর একযোগে জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ-মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের মধ্যে তিন লাখ গাছের চারা বিতরণ করা হয়।
বন ও পরিবেশমন্ত্রী বলেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের তিন লাখ গাছের চারা বিতরণের এ উদ্যোগ বাংলাদেশের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তৃতা করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।