মুন্সিগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে চিকিৎসকের অবহেলায় রুনা আক্তার (২৮) নামের একজন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সদর উপজেলার সিপাহিপাড়ায় বিক্রমপুর ক্লিনিকে রুনার মৃত্যুর পর তাঁর স্বজনেরা ক্লিনিকটিতে ভাঙচুর চালান।ঘটনার পরপর ক্লিনিকের চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তারা আত্মগোপন করেন। এ ব্যাপারে রোগীর মা খালেদা বেগম বাদী হয়ে চিকিৎসক নাজিয়া আক্তার ও ক্লিনিকের মালিক মোশারফ হোসেনকে আসামি করে মুন্সিগঞ্জ থানায় মামলা করেছেন।পুলিশ ও রুনার পরিবারের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিক্রমপুর ক্লিনিকে প্রসূতি রুনার অস্ত্রোপচার করেন প্রসূতি ও স্ত্রীরোগের চিকিৎসক নাজিয়া আক্তার। অস্ত্রোপচারের পর রুনার একটি ছেলের জন্ম হয়। অস্ত্রোপচারের পরপর দ্রুত চলে যান চিকিৎসক নাজিয়া। এদিকে অস্ত্রোপচারের পর রুনার অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। এর কারণ জানতে চাইলে ক্লিনিকের সেবিকারা রুনার পরিবারের সদস্যদের জানান, অস্ত্রোপচারের পরে এমন রক্তক্ষরণ হয়। বৃহস্পতিবার সারা রাত রক্তক্ষরণের পরে সকাল আটটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন রুনা। তবে তাঁর নবজাতক ছেলে সুস্থ আছে।রুনার বাড়ি সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায়। বিক্রমপুর ক্লিনিকটিও ওই ইউনিয়নে। রুনার মৃত্যুর খবর শুনে তাঁর স্বজন ও পাশের গ্রামের ক্ষুব্ধ লোকজন সকালে ক্লিনিকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রুনার স্বজনেরা বলেন, চিকিৎসক নাজিয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এর বাইরে তিনি মুন্সিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে প্রতিদিন ১৫-২০ জন প্রসূতির অস্ত্রোপচার করেন। তাই বৃহস্পতিবার রাতেও তিনি তড়িঘড়ি করে রুনার অস্ত্রোপচার করে পেটের ভেতরে হয়তো কোনো রগ কেটে ফেলেন। এতে রুনার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। কিন্তু নাজিয়া রক্তক্ষরণ বন্ধ না করেই আরেকটি অস্ত্রোপচার করতে চলে যান। তাঁর অবহেলায় সারা রাত রক্তক্ষরণের কারণে রুনা মারা যান। সিপাহিপাড়াসংলগ্ন হাতিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘চিকিৎসক নাজিয়া অস্ত্রোপচার করেই দ্রুত চলে গেছেন। তাঁদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয় বলে তাঁর স্বজনেরা অভিযোগ করেছেন। ঘটনার পরপর ক্লিনিকের লোকজন আত্মগোপন করেন। কথা বলার জন্য প্রহরী ছাড়া দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।’ এদিকে রুনার লাশ ময়নাতদন্ত ছাড়াই গতকাল বিকেলে রঘুরামপুরে দাফন করা হয়েছে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার এসআই সুলতান আহমেদ বলেন, ‘ময়নাতদন্ত করার নিয়ম ছিল। কিন্তু এখানে যে কেন করা হলো না, বুঝতে পারছি না।’ বিক্রমপুর ক্লিনিকের মালিক মোশারফ হোসেন আত্মগোপন করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর ও চিকিৎসক নাজিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।বিক্রমপুর ক্লিনিকে এর আগেও ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যুর একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া ৮-১০ দিন আগে সদর উপজেলার একতা ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় শাহাদাত নামের ৪২ দিনের একটি শিশুর মৃত্যু হয়। ওই অভিযোগে করা মামলায় পুলিশ ক্লিনিকের সেবিকা ও কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করে।