মুন্সিগঞ্জে ছাত্রাবাসের জমি দখলে বাধা, হামলায় আহত ৬
মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল কলেজ ছাত্রাবাসের জমি দখলে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ঢাকা-টঙ্গিবাড়ী সড়ক অবরোধ করেন। পুলিশ জমির দখলদার রুস্তম আলী ও তাঁর স্ত্রী আমিনা বেগমকে গ্রেপ্তার করলে দুই ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তার কাছে কলেজটির ছাত্রাবাসের প্রায় ১৬ শতাংশ জমি রয়েছে। এই জমি নিয়ে স্থানীয় বাসিন্দা রুস্তম আলীর সঙ্গে শিক্ষার্থীদের বিরোধ সৃষ্টি হয়। গতকাল রুস্তম ওই জমিতে সীমানাপ্রাচীর তুলতে গেলে শিক্ষক মনোয়ার হাসিনুল তাঁকে বাধা দেন। এ সময় রুস্তম তাঁকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে কলেজের নৈশপ্রহরী নাসির, শিক্ষার্থী আতেমসহ আরও কয়েকজন এগিয়ে গেলে রুস্তম ও তাঁর স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান। ক্যাম্পাসে হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এসে জমির ওপর থাকা রুস্তমের ঘর ও নির্মাণাধীন প্রাচীর ভেঙে ফেলেন এবং ঢাকা-টঙ্গিবাড়ী সড়ক অবরোধ করেন। গুরুতর আহত নাসির ও আতেমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।কলেজের অধ্যক্ষ সাহেব আলী বলেন, ছাত্রাবাসের জমির প্রায় ৫ শতাংশ দখল করে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন প্রতিবেশী রুস্তম। এ কাজে বাধা দিতে গেলে রুস্তম ও তাঁর স্ত্রী ওই হামলা চালান। তবে রুস্তম দাবি করেছেন, তিনি তাঁর জমিতেই প্রাচীর নির্মাণ করছিলেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা করেছেন।