মুন্সিগঞ্জে ছিনতাই হওয়া কাপড় মানিকগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে ছিনতাই হওয়া বিপুল পরিমাণ কাপড় গত সোমবার রাতে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার দুপুরে মাদারীপুর ও ফরিদপুরের কয়েকজন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুবাজারে যান। বিকেলে সেখান থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের ১৮ গাঁইট (বেল) কাপড় কিনে তা একটি ট্রাকে পাঠানোর ব্যবস্থা করে তাঁরা বাড়ি ফিরে যান।ওই দিনই সন্ধ্যায় ট্রাকের মালিক জাকির হোসেন ও চালক খোকন মিয়া ব্যবসায়ীদের কথামতো কাপড়গুলো নিয়ে মাদারীপুর সদর উপজেলার টেকেরহাটের উদ্দেশে রওনা দেন। রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভুলপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় সাত-আটজন ছিনতাইকারী অস্ত্রের মুখে ট্রাকের মালিক ও চালককে হাত-পা বেঁধে একটি আখখেতে ফেলে রেখে কাপড়বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-৩৮৫০) নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে। পরে ট্রাকের মালিক জাকির হোসেন ওই দিনই শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন বলেন, স্থানীয় লোকদের খবরের ভিত্তিতে সোমবার রাত নয়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর মকিমপুর বাজারের পাশ থেকে ছিনতাই হওয়া কাপড়ের মধ্যে আট গাঁইট কাপড় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর পর গতকাল মঙ্গলবার উদ্ধার হওয়া কাপড়গুলো শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ওই থানায় মামলা হয়েছে।এদিকে, ছিনতাই হওয়া ট্রাকটি সোমবার রাতে গাজীপুরের জয়দেবপুর উপজেলার মিরেরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।