মুন্সিগঞ্জে ট্রলারডুবি ৩ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইলে পদ্মা নদীতে গতকাল বুধবার দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাতজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের সবাই আলুশ্রমিক। আলু তোলার জন্য তাঁরা নেত্রকোনাসহ বিভিন্ন জেলা থেকে মুন্সিগঞ্জে আসেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা হাসাইল ইউনিয়নের হাসাইল বাজার থেকে একটি ট্রলারযোগে পদ্মার নদীর ওপারে একটি চরে আলু তোলার জন্য যাচ্ছিলেন। ট্রলারটি চরের কাছাকাছি গেলে তলা ফেটে পদ্মায় ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও তিনজন ডুবে মারা যান। তাঁরা হলেন নেত্রকোনার কলমাকান্দার সালাম (২০) ও আশরাফ (৯) এবং একই জেলার সাতপাই এলাকার কুদ্দুস (৩৬)। এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল জলিল বলেন, ট্রলারটি যেহেতু তীরের কাছে গিয়ে ডুবেছে, তাই স্থানীয়ভাবে জাল দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জানান, নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।