মুন্সিগঞ্জে ট্রাকচাপায় আ.লীগ নেতা নিহত
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাকচাপায় সোহেল মিয়া (৩৮) নামের আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত লোকজন ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন বেশ কয়েকটি বাসও ভাঙচুর করেন। এ ঘটনায় ট্রাকচালক কামাল হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।
সোহেল স্থানীয় কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কুচিয়ামোড়া গ্রামের হাজি নসু উদ্দিন ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই মহাসড়কের উপজেলার রামের খোলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সোহেলের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ সময় ট্রাকচালক কামাল পালানোর চেষ্টা করলে টহল পুলিশ তাঁকে আটক করে। খবর পেয়ে স্থানীয় জনতা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে রাত আটটার দিকে স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল শুরু হয়।