মুন্সিগঞ্জে ডাকাতের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে বিয়েবাড়িসহ পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে৷ ডাকাতেরা একজনকে কুপিয়ে হত্যা করেছে৷ নিহত ব্যক্তির নাম রিংকু শীল (১৭)৷
গত রোববার গভীর রাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের তেগরিয়া ও দক্ষিণহাটি গ্রামে এ ডাকাতি হয়। গতকাল সোমবার ভোরে পুলিশ ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ডাকাতেরা পাঁচটি বাড়ি থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে৷
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশ পরা ৩০ থেকে ৪০ জনের ডাকাত দল প্রথমে ইউনিয়নের তেঘরিয়া গ্রামে চিকিৎসক সজিবের বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে সজিব, তাঁর স্ত্রী ও বাবার হাত-পা বেঁধে ফেলে৷ তাদের পিটিয়ে আহত করে লুটপাট চালানো হয়৷ ডাকাতদের হামলায় গুরুতর আহত সজিবকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এরপর ডাকাতেরা পাশের গ্রাম দক্ষিণহাটির কৃষ্ণ মল্লিকের বাড়িতে হানা দেয়৷ বাড়ির পাঁচ সদস্যকে মারধর করে বেঁধে রেখে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত পড়ার খবর পেয়ে পাশের বাড়ি থেকে মল্লিক বাড়িতে ছুটে আসছিল রিংকু৷ পথে তাকে কুপিয়ে হত্যা করে ডাকাতেরা। সে গ্রামের দিলীপ শীলের ছেলে৷
এরপর ডাকাতেরা একই গ্রামের সাদেক আলী (৬৫), শাহজাহান আলী ও শাহজাহানের ভাই সিরাজুল ইসলামের বাড়িতে হানা দেয়। শাহজাহানের বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান ছিল।
স্থানীয় শেখর নগর বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রবিউল আউয়াল বলেন, ‘ডাকাতির খবর ছড়িয়ে পড়লে আমরা পুলিশকে জানাই। ডাকাত পড়ার খবর এলাকার মসজিদের মাইকের মাধ্যমে জানানো হয়৷’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গতকাল বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ ভোরের দিকে একটি বিল থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
এদিকে গতকাল ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঠানবাড়ি এলাকায় ডাকাতির মালামালবোঝাই একটি ট্রাক ধাওয়া করে আটক করে গজারিয়া থানার পুলিশ। এ সময় ডাকাতির অভিযোগে ট্রাকে থাকা দুজনকে আটক করা হয়৷ এঁরা হচ্ছেন ফেনী জেলার রণি ওরফে রতন (৩০) ও জামালপুর জেলার মোবারক (২০)। ট্রাকে থাকা আরও আট থেকে নয়জন পালিয়ে যেতে সক্ষম হয়৷
গজারিয়া থানার উপপরিদর্শক আলিমুর রাজি বলেন, এ ঘটনায় ফেনী থানায় মামলা হয়েছে।