মুন্সিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমী চত্বরে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গতকাল বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
পরে এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সাগরিকা নাসরিন, সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদুল কবির ও সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।
ইয়াফেস ওসমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া দেশ এগোতে পারে না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবার দ্বারে দ্বারে ডিজিটাল পদ্ধতি পৌঁছে দিতে হবে।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ৪৫টি স্টল বসিয়েছে।