মুন্সিগঞ্জে ডুবে গেছে বোরো খেত, আধাপাকা ধান কাটছেন কৃষকেরা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় আধাপাকা বোরো ধানের খেত পানিতে তলিয়ে গেছে। নিরুপায় কৃষকেরা আধাপাকা ধান কাটা শুরু করেছেন।গতকাল সরেজমিনে সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির ফলে বোরো ধানের খেত তলিয়ে গেছে। অসহায় কৃষকেরা আধাপাকা ধান কেটে তোলার চেষ্টা করছেন। শ্রীনগরের আরিয়ল বিলে আধাবিঘা জমিতে বোরো চাষ করেছিলেন স্থানীয় কৃষক মজিবুর রহমান। তিনি জানান, তাঁর জমিসহ আশপাশের বিস্তৃত ধানখেত পানিতে তলিয়ে গেছে। ধান ভালোই হয়েছিল। কিন্তু পানি সব শেষ করে দিল।লৌহজং উপজেলার পয়সা গ্রাম এলাকার কৃষক হাসেম মিয়া বলেন, ‘নিরুপায় হয়ে আধাপাকা ধানই কেটে তুলছি।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জে এ বছর ২৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে ৪২৭ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আমিনুর রহমান বলেন, পানিতে তলিয়ে গিয়ে কিছু ধান নষ্ট হয়েছে।