মুন্সিগঞ্জে তিন দিনের শিশুকে হত্যা করলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সানিহাটি গ্রামে রাসেল নামের এক ব্যক্তি তাঁর তিন দিনের শিশুমেয়েকে হত্যা করেছেন। পরে পুলিশ তাঁর স্বীকারোক্তি অনুসারে গত সোমবার বিকেলে একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাসেলকে আসামি করে তাঁর স্ত্রী লিপি আক্তার থানায় মামলা করেছেন। লৌহজং থানা পুলিশ জানায়, লৌহজংয়ে একই গ্রামের মোতালেব খাঁর মেয়ে লিপি আক্তারের সঙ্গে খবির হাওলাদারের ছেলে মো. রাসেলের বিয়ে হয়। সোমবার রাসেল শ্বশুরবাড়িতে যায়। রাতে মেয়েসহ রাসেল ও লিপি একই খাটে ঘুমান। রাত তিনটার দিকে লিপি উঠে দেখেন তাঁর স্বামী ও মেয়ে নেই। সকালে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে বাড়ির পাশের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার শিশুটির লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি। রাসেলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।