মুন্সিগঞ্জে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে পুলিশের ওসিসহ তিন দারোগাকে আদালত সমন প্রদান করেছেন। গত রোববার মুন্সিগঞ্জে আমলি আদালত-২-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এই সমন জারি করেন।সমন পাওয়া তিন পুলিশ কর্মকর্তা হচ্ছেন তৎকালীন সময়ে গজারিয়া থানার ওসি (বর্তমানে ডিবি ওসি) এস এম শহীদুল ইসলাম, দারোগা তারিফউজ্জামান মিয়া ও শামসুল আলম। বিবাদী এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার মো. মাহফুজ মিয়া বাদী হয়ে আমলি আদালত-২-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের কাছে মামলা প্রদানের আবেদন করলে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আদালত আসামিদের আগামী ১৫ এপ্রিল সশরীরে আদালতে হাজির হতে আদেশ দেন।মামলা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় বসুন্ধরা গ্রুপের টিস্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা নির্মাণের জন্য বাদী মো. মাহফুজ মিয়ার জমি জোরপূর্বক দখল করে সড়ক নির্মাণ করে। বসুন্ধরা গ্রুপের লোকজন বাদীর জমির সীমানাপ্রাচীরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এর প্রতিকার চেয়ে বাদী মাহফুজ মিয়া থানায় মামলা করতে গেলে থানার ওসিসহ ওই তিন কর্মকর্তা বসুন্ধরার পক্ষ নিয়ে তাঁরা তাঁকে অসহযোগিতা করেন। এতে তাঁর আর্থিক ক্ষতি হয়। এই ক্ষতির প্রতিকার চেয়ে মাহফুজ মিয়া গত ২০১১ সালের ৩ মে ওসিসহ উল্লিখিত তিনজনকে আসামি করে আদালতে মামলা প্রদানের জন্য অভিযোগ দায়ের করেন।মামলায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে একটি জুডিশিয়াল তদন্ত করা হয়। সেই তদন্তেও আসামিদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালত এসব বিবেচনা করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। এ প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী মাসুদ আলম বলেন, আদালত আসামিদের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের এই টিস্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি দখলের বিষয়ে গত ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি প্রথম আলোর শেষের পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়।