মুন্সিগঞ্জে তিনটি বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ও দক্ষিণ মহাকালী গ্রামের তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে নেয়। এ সময় ডাকাতদের আঘাতে আহত হন আল আমজাদ শেখ (৪০) ও তাঁর মেয়ের জামাই জাকির (২৪)। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মহাকালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনা মিয়া ব্যাপারী জানান, রাত তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা উত্তর মহাকালীর আকবর আলী গাজীর বাড়িতে হানা দিয়ে মালামাল লুটপাটের পর পাশের সেরাজল কাজীর বাড়িতে হানা দেয়। এর পরই তারা দক্ষিণ মহাকালী গ্রামের আফসু মোল্লার বাড়িতে হানা দিয়ে টাকা ও মালামাল লুট করে। নগদ টাকাসহ লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ১০ লাখ টাকা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ডাকাতির ঘটনার তদন্ত চলছে।