মুন্সিগঞ্জে দম্পতির লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়ার বেউরাপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার কাঞ্চনী রানী শীল (৩২) ও সুদেব দাস (৪০) নামের এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে ওই দম্পতির লাশ দেখতে পায়। এ সময় অন্তঃসত্ত্বা স্ত্রী কাঞ্চনীর নিথর দেহ বিছনায় পড়ে ছিল। তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। এ ছাড়া ঘরের সিলিংয়ের সঙ্গে তাঁর স্বামী সুদেবের লাশ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুদেবের বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। সুদেব পাশের বেতকা বাজারে দর্জির কাজ করতেন। এই দম্পতির চারটি কন্যাসন্তান রয়েছে।টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জানান, সুদেব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। তবে কাঞ্চনীর মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।