মুন্সিগঞ্জে দাওয়াত খেয়ে অনেকেই অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ইফতারের সময় খাবার খেয়ে প্রায় শতাধিক শিশু, নারী ও পুরুষ অসুস্থ হয়েছে। রোববার সন্ধ্যায় ঘাসি পুকুর পাড় এলাকায় সলেমন শেখের বাড়িতে ইফতারের দাওয়াত খেয়ে রাতে অসুস্থ হয়ে পড়ে ওই এলাকার লোকজন। এর মধ্যে গুরুতর অবস্থায় ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সলেমন শেখ প্রবাসী। তাঁর স্ত্রী সালেহা বেগম ইফতারের দাওয়াত দেন এলাকাবাসীকে। সেই খাবার খেয়ে সালেহা বেগমসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ নুসরাত (৫), জুবায়ের (৫), তাসকিন (৪), আলিফ হোসেন (৩), কাইয়ূম (১৮) সেলিম শেখ (৮), রাব্বি দেওয়ান, রাশেদুল ইসলামসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগী ও স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। জরুরি বিভাগের মেঝেতে রোগীদের স্যালাইন দেওয়া হচ্ছে। একের পর এক রোগী ওই গ্রাম থেকে হাসপাতালে আসছেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছেন।
কয়েকজন রোগীর স্বজন প্রথম আলোকে জানান, প্রবাসী সলেমন শেখের বাড়িতে খাওয়ার পর বাড়ি ফিরি। এর পর থেকে বমি, পেট ব্যথা, পাতলা পায়খানা ও হাত-পা অবশ হতে থাকে। প্রায় শতাধিক মানুষ এ খাবার খেয়ে অসুস্থ হয়েছেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ার কারণে এ সমস্যা হতে পারে। একসঙ্গে এত রোগীকে চিকিৎসাসেবা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও জানান, গুরুতর অসুস্থ অবস্থায় ১৭জনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।’