মুন্সিগঞ্জে দুই পক্ষের মধ্যে বোমা ও গুলি, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামে গত সোমবার রাতে এবং গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দিতে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিকের সঙ্গে স্থানীয় রিপন পাটওয়ারী, মোস্তফা মোল্লা, আজিজ মল্লিকের লোকজনের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার রাত আটটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণ ও গুলি শুরু হয়। রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তখন চলছিল একের পর এক বিস্ফোরণ। এক পক্ষ একটা ফাটালে অন্য পক্ষ পাল্টা জবাব দেয়। এভাবে পাল্টাপাল্টি বিস্ফোরণ ও গুলি চলে গতকাল সকাল পর্যন্ত। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে কংশপুরা গ্রামের হাসেম আলী মোল্লার ছেলে কালাম (২৩) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ছাড়া শাহ আলম নামের একজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। গ্রেপ্তারের ভয়ে অন্যরা হাসপাতালে ভর্তি না হয়ে গোপনে চিকিৎসা নেন বলে জানা গেছে।তবে শাহ আলম মল্লিক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি এখন নারায়ণগঞ্জে আছি। আমার লোকজন ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।’ অন্যদিকে আজিজ মল্লিকও দাবি করেছেন, তাঁদের লোকজন এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ ফেরদৌস গতকাল প্রথম আলোকে জানান, পূর্ব বিরোধের জের ধরে শাহ আলম মল্লিক ও রিপন পাটওয়ারীর লোকজনের মধ্যে ওই ঘটনা ঘটেছে।উল্লেখ্য, মোল্লাকান্দি গ্রামে এই দুই পক্ষের মধ্যে গত দুই বছরে অন্তত ২৫ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে।