মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের তিন গ্রামে গতকাল বুধবার পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফরহাদ খানের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, প্রভাব বিস্তার কেন্দ্র করে গত ইউপি নির্বাচনের আগে থেকেই এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময়ে তাদের মধ্যে সংঘর্ষও হয়েছে। এরই জের ধরে আবার গতকাল সকাল নয়টায় ইউনিয়নের চরডুমুড়িয়া, কংসপুড়া ও আমঘাটা গ্রামের দুই পক্ষের সমর্থক কয়েক শ গ্রামবাসী সংর্ঘষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টার এ সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান রিপন ও আওয়ামী লীগ নেতা ফরহাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজনই আত্মগোপন করায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।