মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ সাতজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কালিঞ্জিপাড়া গ্রামে গতকাল শুক্রবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন গ্রামের নাজমা বেগম (৪৭), রোকসানা (৩২), তৌহিদ (২৮), বাবুল শেখ (৫০), জাহানারা বেগম (৪৫), মিনা বেগম (৩৮) ও নাহিদ (৩২)। তাঁদের মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় নাজমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিঞ্জিপাড়া গ্রামের বাচ্চু শেখ ও সোবাহান শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিসও হয়। তবে দুই পক্ষের নমনীয়তায় সমাধান হয়নি। এ নিয়ে সোবাহান শেখ আদালতে মামলা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে সোবাহান শেখের গোয়ালঘরের পাশ ঘেঁষে বাচ্চু শেখ রান্নাঘর নির্মাণ করতে যান। এ নিয়ে উভয় পক্ষ ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়।
সোবাহান শেখ বলেন, ‘সকালে স্থানীয় ইউপি সদস্য সাঈদ মেম্বার বাচ্চুর পক্ষে অবস্থান নেন। এ সময় উসকানি দিয়ে আমাদের ওপর হামলা করানো হয়। গুরুতর অবস্থায় আমাদের চারজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বাচ্চু শেখ বলেন, ‘সোবাহান শেখের লোকজন আমাদের ওপর আগে হামলা করেন। এ ঘটনায় নাজমাসহ আমাদের ছয়জন আহত হয়েছেন।’