মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপক্ষের সংঘর্ষে গুলিতে শফি মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। সংঘর্ষে প্রায় ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে গ্রামের উত্তরকান্দির একটি পুকুরে বেপারী বাড়ির লোকজন মাছ ধরতে গেলে মোল্লাবাড়ির লোকেরা তাদের বাধা দেয়। এতে বেপারী বাড়ির লোকজন চলে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা সংগঠিত হয়ে এসে মোল্লাবাড়ির লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। ধারালো অস্ত্রশস্ত্র নিয়েও একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে গ্রামের শফি মোল্লা বেপারীদের পক্ষ নিলে মোল্লাবাড়ির আবদুল কুদ্দুস মোল্লা (২৫) তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই শফি মারা যান। সংঘর্ষে আহত হন আরও ৩০ জন।আহতদের মধ্যে মামুন মোল্লা (২৫), রিপন (২৫), দেলু (২৬), সাহেব বানু (৪৫), সেলি (৩৫), ছালি বেগম (২০) ও শফিক কাজীকে (৪৫) স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মামুন বেপারী (৩০) নামের অপর একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২৫টি বাড়িও ভাঙচুর করা হয়।সদর থানার ওসি আবুল বাসার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী ছবেদা বেগম থানায় হত্যা মামলা করেছেন। সংঘর্ষের পর থেকে এলাকায় দারুণ উত্তেজনা বিরাজ করছে এবং ফের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।