মুন্সিগঞ্জে ধলেশ্বরী থেকে আরেকটি ইট বাঁধা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাটের অদূরে মোল্লারচরে ধলেশ্বরী নদী থেকে গতকাল বুধবারও এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে ইট বাঁধা ছিল। হাত-পাও ছিল বাঁধা।গত মঙ্গলবারও ওই এলাকা থেকে শরীরে ইট ও হাত-পা বাঁধা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ দুটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। কোনো লাশেরই পরিচয় পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে মোল্লারচরে ধলেশ্বরীর তীরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে ইট বাঁধা ছিল। লাশের পরনে ছিল ধূসর রঙের জিনসের প্যান্ট ও হালকা সবুজ রঙের গেঞ্জি। লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। এই মামলার বাদী ও উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে মনে হয়েছে, দুই ব্যক্তিকে একইভাবে হত্যা করা হয়েছে। দুটি লাশের শরীরে একইভাবে বস্তা দিয়ে ইট বাঁধা ছিল ও হাত-পা বাঁধা ছিল। তাই ধারণা করা হচ্ছে, দুই ব্যক্তির হত্যাকারীরা এক। তাই একটি মামলা করা হয়েছে।এদিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে নিখোঁজ কেব্ল ব্যবসায়ী মতিউর রহমানের (৩৮) পরিবার গতকালের উদ্ধার হওয়া লাশটিও মতিউরের কি না তা শনাক্তের চেষ্টা করেন। কিন্তু তাঁর পরিবার লাশ দেখে নিশ্চিত হয়, এটাও মতিউরের লাশ নয়। আগের দিনের লাশটিও দেখেছেন তাঁরা।