মুন্সিগঞ্জে ধলেশ্বরী থেকে ৩ যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে গতকাল শনিবার তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ তিনটি উদ্ধারের পর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে জানান, সদর উপজেলার নয়াগাঁওসংলগ্ন ধলেশ্বরী নদীতে গতকাল বেলা ১১টার দিকে লাশ তিনটি ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আবুল কালাম আজাদ জানান, লাশ তিনটি নারায়ণগঞ্জের দিক থেকে ভেসে আসতে পারে। লাশগুলো ফুলে গেছে। তাদের কেউ মেরে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনায় মারা গেছে, তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বলা যাবে।