মুন্সিগঞ্জে ধলেশ্বরীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে গতকাল শুক্রবার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে জড়ো হয় হাজার হাজার লোক।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজকদের সূত্রে জানা যায়, ৫০ মাল্লা, ২৫ মাল্লা, বেদে ও বেদেনীর বাইচ প্রতিযোগিতা হয়। এতে ২৫টির মতো বাইচ নৌকা অংশ নেয়। জেলার শ্রীনগর, সিরাজদিখান থেকে আসে সবচেয়ে বেশি নৌকা। জেলার বাইরে নবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকেও নৌকা আসে প্রতিযোগিতায় অংশ নিতে। নৌকার মাল্লাদের গায়ে হলুদ, সাদা ও লাল রঙের জার্সি পরা ছিল। মুখে ছিল নানা ধরনের স্লোগান। বাদ্যের তালে তালে বাইচের নৌকা এগিয়ে যায়। মীরকাদিম নদীবন্দর থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে এসে শেষ হয় প্রতিযোগিতা।বিকেল সাড়ে চারটায় মীরকাদিম নৌবন্দর থেকে নৌকাবাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। এ সময় জেলা প্রশাসক মো. আজিজুল আলম উপস্থিত ছিলেন। সেখান থেকে ৫০ মাল্লার ২০টি নৌকা ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। ২৫ মাল্লার নৌকা অংশ নেয় পাঁচটি। এ ছাড়া বেদে দম্পতিদের মধ্যে বেদেনৌকা দিয়ে বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।নৌকাবাইচ শেষে লঞ্চঘাটের কাছে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী। ৫০ মাল্লার ‘ক’ গ্রুপে প্রথম হয় সেলামতি এক্সপ্রেস, ‘খ’ গ্রুপে তুফান ও ‘গ’ গ্রুপে রাজা মিয়া এক্সপ্রেস।২৫ মাল্লার নৌকায় প্রথম হয় বুলেট-১, দ্বিতীয় লস্করেরপুর এক্সপ্রেস ও তৃতীয় হয় ময়ূরপঙ্খী নৌকা। বেদে দম্পতির মধ্যে প্রতিযোগিতায় প্রথম হন জাবু, দ্বিতীয় সালাউদ্দিন ও তৃতীয় জুলহাস দম্পত্তি।