মুন্সিগঞ্জে নানা আয়োজনে নবান্ন উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে নবান্ন উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে নবান্ন উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব হয়েছে। জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করে।
উৎসব উপলক্ষে সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজা শ্রীনাথ ক্লাব মাঠে শেষ হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি হরেক রকমের পিঠা নিয়ে নবান্ন মেলা বসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, জেলা হাকিম এ কে এম শওকত আলম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. হারুন অর রশিদ প্রমুখ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, ‘জেলা প্রশাসনের আয়োজনে এবারই প্রথম আমরা নবান্ন উৎসব দেখতে পেলাম। খুব সুন্দর আয়োজন। নানা বয়সের মানুষ এসেছে। সারাটা দিন খুব আনন্দে কেটেছে।’
মেলায় আসা স্কুলছাত্রী রায়না আলম বলে, নতুন নতুন অনেক পিঠা দেখতে ও খেতে পেরে খুব মজা লেগেছে।
জেলা প্রশাসক বলেন, একসময় কিষান-কিষানিরা ঘটা করে নবান্ন উৎসব উদ্যাপন করতেন। দিন দিন এই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নবান্ন উৎসবকে সরকারিভাবে উদ্যাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরেও অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব আরও জাঁকজমকভাবে উদ্যাপন করা হবে।