মুন্সিগঞ্জে নামী তিনটি জুতার দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের তিনটি নামকরা জুতার দোকান গতকাল শুক্রবার আগুনে পুড়ে গেছে। এতে তালুকদার সুজ, মুনশী সুজ ও রুচিতা সুজ দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি।পুলিশ ও দোকান-মালিক সূত্র জানায়, গতকাল ভোরে মুনশী সুজের গুদামের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আস্তে আস্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। আগুন আস্তে আস্তে পাশের রুচিতা সুজ ও তালুকদার সুজের দোকানে ছড়িয়ে পড়ে। এরপর খবর দেওয়া হয় নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসকে। সকাল নয়টার দিকে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা দোকানের পাকা ছাদ ভেঙে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে তিনটি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুন্সিগঞ্জের ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘক্ষণ সময় নিলে ক্ষুব্ধ লোকজন তাদের মারতে চড়াও হয়। তালুকদার সুজের মালিক সাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘আমার দোকানের সব জুতা ও আসবাব পুড়ে গেছে। দমকল বাহিনীর ব্যর্থতার কারণে আমাদের এত বড় ক্ষতি হলো।’এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্য পাওয়া যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আগুনের উত্তাপ এত বেশি ছিল যে, আগুন এবং জুতার পোড়া গ্যাসের ধোঁয়া ও গন্ধে দমকল বাহিনীকে হিমশিম খেতে হয়। পরে দোকানের ছাদের অংশবিশেষ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।