মুন্সিগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
মুন্সিগঞ্জে নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার এক শিশুর লাশ পয়োনিষ্কাশনের নর্দমা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম মনিরা আক্তার (৭)। তার বাবা মান্নান শিকদার পেশায় দিনমজুর। পুলিশের ধারণা, মনিরাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার রাতে সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকার মনিরা পাশের বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। আশপাশে খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল সকালে ফিরিঙ্গিবাজার এলাকার পয়োনিষ্কাশনের নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মনিরার গলায় নখের আঁচড় ও কালো দাগ রয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মনিরার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।