মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে গত সোমবার সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গোধূলি পরিবহনের সুপারভাইজার মো. দিপুকে (৩৪) খুন করেছে। দিপু হত্যার প্রধান আসামি ইকবালকে ওই দিন গভীর রাতে শিবচরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দিপুকে হত্যার কথা স্বীকার করায় গতকাল মঙ্গলবার ইকবালকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা দুইটার দিকে মাওয়া ফেরি ঘাটে জেলা পরিষদের যাত্রী ছাউনির সামনে সাত-আটজন সন্ত্রাসী দিপুকে কুপিয়ে মারাত্মক জখম করে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত দিপু শ্রীনগর উপজেলার হাতারপাড়া গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। এ ঘটনায় গত সোমবার রাতেই নিহতের ভাই অপু বাদী হয়ে লৌহজং থানায় ইকবালকে আসামি করে মামলা করেন।র্যাব-১১ ক্যাম্পের কমান্ডার এ এস পি মিলন মাহমুদ প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ইকবাল স্বীকার করেছে। ইকবাল ও দিপু বাল্যবন্ধু। দিপুর সঙ্গে ইকবালের স্ত্রীর পরকীয়া গড়ে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে ইকবাল দিপুকে হত্যা করে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, ইকবালকে গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।